শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০১০

দেশলাই কাঠি

 - সুকান্ত ভট্টাচার্য


আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি
এত নগণ্য, হয়তো চোখেও পড়ি নাঃ
তবু জেনো
মুখে আমার উসখুস করছে বারুদ-
বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছাস;
আমি একটা দেশলাইয়ের কাঠি।

মনে আছে সেদিন হুলুস্থূল বেধেছিল?
ঘরের কোনে জ্বলে ঊঠেছিল আগুন-
আমাকে আবজ্ঞাভরে না-নিভিয়ে ছুঁড়ে ফেলায়।
কত ঘরকে দিয়েছি পুড়িয়ে,
কত প্রাসাদকে আমি করেছি ধূলিসাৎ;
আমি একাই - ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি।

এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে।
তবুও অবজ্ঞা করবে আমাদের?
মনে নেই? এই সেদিন-
আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে;
চমকে উঠেছিলে-
আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ।

আমাদের কী অসীম শক্তি
তা তো অনুভব করেছ বারংবার;
তবু কেন বোঝো না,
আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে,
আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পরব
শহরে, গঞ্জে, গ্রামে-দিগন্ত থেকে দিগন্তে।

আমরা বারবার জ্বলি, নিতান্ত অবহেলায়-
তা তো তোমরা জানোই।
কিন্তু তোমরা তো জানো নাঃ
কবে আমরা জ্বলে উঠব-
সবাই-শেষ বারের মত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন